আগামীর সময়

তুরস্কে গ্যাস সিলিন্ডার লিকেজে বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু

তুরস্কে গ্যাস সিলিন্ডার লিকেজে বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু

গ্যাস লিকেজে নিহত বাবা তারেক মিয়া ও ছেলে সাব্বির

তুরস্কে গ্যাস সিলিন্ডার লিক হয়ে কক্ষে অক্সিজেন স্বল্পতায় মৃত্যু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বাবা-ছেলেসহ তিনজনের। তাদের সঙ্গে থাকা চাচাতো ভাইও গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল বুধবার (৪ মার্চ) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য তুরস্কের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে বলে জানা গেছে।

মৃতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পৌর এলাকা মেড্ডা গ্রামের মৃত ইয়াকুব মিয়ার ছেলে তারেক মিয়া (৪৫) ও তার একমাত্র ছেলে সাব্বির (২২)। এছাড়া ফেনী জেলার এক যুবকও এ ঘটনায় মারা গেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন সাব্বিরের চাচাতো ভাই লিটন (২৬)। তাকে আইসিইউতে রাখা হয়েছে।

সূত্রে জানা যায়, তুরস্কের একটি ভবনের আন্ডারগ্রাউন্ড কক্ষে থাকতেন তারা। মঙ্গলবার সেহরি খেয়ে ঘুমিয়ে যাওয়ার পর সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে কক্ষে অক্সিজেনের স্বল্পতা তৈরি হয়। ঘুমন্ত অবস্থায় মারা যান তিনজন। লিটনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নেয়া হয় স্থানীয় হাসপাতালে।

জানা গেছে, তারেক মিয়া প্রায় ১৪ বছর আগে জীবিকার সন্ধানে তুরস্কে পাড়ি জমান। দেড় বছর আগে তিনি ছেলে সাব্বিরকে সেখানে নিয়ে যান। সাব্বিরের মা বেঁচে নেই।


‘হঠাৎ এমন দুর্ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে। মরদেহ দেশে আনার বিষয়টি নিয়ে আমরা দিশেহারা। সরকারের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে মরদেহ আনা সম্ভব নয়। সবার কাছে দোয়া চাই’- বলছিলেন সাব্বিরের খালা লুতফা বেগম।

    শেয়ার করুন: