বেনাপোল এক্সপ্রেসে অজ্ঞান পার্টির খপ্পরে ৩ যাত্রী

প্রতীকী ছবি
বেনাপোল রেলস্টেশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেন থেকে অচেতন অবস্থায় তিন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে বেনাপোলগামী ট্রেনটিতে যাত্রাপথে কোনো একসময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়েন তিন যাত্রী। ট্রেনটি স্টেশনে পৌঁছালে বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন অন্য যাত্রীরা।
খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করার পর ভর্তি করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে চেতন ফিরেছে একজনের। তবে এখনো অচেতন রয়েছেন অন্য দুজন।
অচেতন ব্যক্তিদের একজন আব্দুল্লাহ আল মামুন (৩৬)। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দর্শনা এলাকার বাড়াদী গ্রামের বাসিন্দা। অন্য দুজনের পরিচয় জানা যায়নি এখনো।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (্ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানিয়েছেন, তিনজনকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এ ঘটনায় চলছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া।



