ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাত, ভর্তি হাসপাতালে

প্রতীকী ছবি
পাবনার ঈশ্বরদীতে পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে আহত হয়েছেন রবিন হোসেন (৩০) নামের উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক সদস্য।
আজ মঙ্গলবার সকালে উপজেলার পাকশী ইউনিয়নের ঠাকুরপাড়া মোড় এলাকায় ঘটে এ ঘটনা।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।
আহত রবিন পাকশী ইউনিয়নের ইপিজেড মোড় এলাকার ওহিদুল ইসলামের ছেলে। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত যুবক মুন্নাও একই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকালে রবিন তার বন্ধু সোহাগের খোঁজে ঠাকুরপাড়া এলাকায় যান। সোহাগের বাড়ির সামনে অপেক্ষার সময় মুন্না সেখানে এসে তার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে মুন্না ছুরি দিয়ে রবিনের পেটে আঘাতের চেষ্টা করলে আত্মরক্ষার সময় তার ডান হাত ও পেটের একাধিক স্থানে গুরুতর জখম হন। রবিনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায় বলে দাবি তাদের।
ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। এ সময় ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দল ও পাকশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি তোলেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।



