টঙ্গী
বস্তির সেই এসি রুমে ‘ম্যারাথন’ অভিযান, মাদকসহ আটক ৫০

ছবি: আগামীর সময়
গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে বস্তির ভেতরে শীতাতপ নিয়ন্ত্রিত গোপন কক্ষ ও সুড়ঙ্গ পথের সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে ৫০ জনকে।উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। একাধিক মাদক বিক্রয় কেন্দ্র করা হয়েছে সিলগালা।
আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টঙ্গীর মাজার বস্তি, কেরানির টেকসহ বিভিন্ন এলাকায় চলে ‘ম্যারাথন’ অভিযান।
অভিযানকালে বাইরে থেকে তালাবদ্ধ একাধিক কক্ষের তালা ভেঙে ভেতরে পাওয়া যায় মাদক সেবনের আধুনিক সরঞ্জাম। এসব কক্ষ থেকে সুড়ঙ্গ পথেরও সন্ধান মেলে, যা ব্যবহার করে মাদকসেবীরা নিরাপদে বের হয়ে যেত বলে ধারণা পুলিশের।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান জানিয়েছেন, আটকদের কাছ থেকে প্রায় ২ কেজি গাঁজা, হেরোইনসহ বিভিন্ন মাদক উদ্ধার করা হয়।
তার ভাষ্য, উচ্চবিত্ত শ্রেণির কিছু মানুষ এসব গোপন কক্ষে মাদক সেবনে আসত বলে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানান, তার এলাকা থেকে ১৬ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সৈয়দ মিজানুল হক ২ কেজি গাঁজাসহ একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক ধারাবাহিক অভিযানে গত ৪ মে ৩৮ জন, ২৯ এপ্রিল ৩৩ জন এবং ২৮ এপ্রিল ৬ ঘণ্টার অভিযানে ৭৪ জনকে আটক করা হয়। অন্য একটি অভিযানে আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদক ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন উল্লেখ করেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত।
মাদক বিক্রয় কেন্দ্রগুলো চিহ্নিত করে সিলগালা করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে, যোগ করেন তিনি।



