হাওরে তলিয়ে যাচ্ছে ধান, ক্ষতির মুখে কৃষক

সংগৃহীত ছবি
টানা বৃষ্টি ও উজানের ঢলে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মেদির হাওরের প্রায় ৫০০ হেক্টর জমির বোরো ধান। এতে চরম উদ্বেগ ও আশঙ্কায় দিন কাটাচ্ছেন কৃষকরা।
স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের পানির তোড়ে হাওর এলাকায় হু হু করে বাড়ছে পানি। এতে ডুবে গেছে মেদির হাওরের অধিকাংশ পাকা ধান। আবার অনেক জায়গায় কাটা ধানও রোদের অভাবে শুকাতে না পেরে নষ্ট হয়ে যাচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন বলছিলেন, ‘চলতি মৌসুমে মেদির হাওরে বোরো ধান আবাদ করা হয়েছে প্রায় ১১ হাজার হেক্টর জমিতে। সরকারি হিসাবে এরই মধ্যে কাটা হয়েছে প্রায় ৭৯ শতাংশ ধান। তবে কৃষকদের দাবি, এখনো মাঠে রয়েছে ৫০ শতাংশ।’ এ পর্যন্ত প্রায় ১৩ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে ধারণা তার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেছেন, ‘মেদির হাওরের প্রায় আড়াই হাজার ক্ষতিগ্রস্ত কৃষককে চিহ্নিত করা হয়েছে। আগামী দুই মাস তাদের ৩ হাজার টাকা করে নগদ অর্থ এবং ৬০ কেজি চাল দেওয়া হবে প্রণোদনা হিসেবে।’



