পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না : এমপি মাসুদ

ছবি: আগামীর সময়
ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
গতকাল মঙ্গলবার পটুয়াখালীর বাউফল উপজেলা জামায়াত আয়োজিত বাংলাবাজার কার্যালয়ে হিন্দুধর্মাবলম্বী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন সংসদ সদস্য মাসুদ।
পশ্চিমবঙ্গের নির্বাচন প্রসঙ্গে মাসুদ বলেছেন, ‘একটি দেশের নির্বাচন সেই দেশের অভ্যন্তরীণ বিষয়। আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকবে। আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে ছিলাম, আছি এবং থাকব। আমরা আমাদের মতো করে চলব। এই রাষ্ট্র আমাদের, এই মাটিও আমাদের। আমাদের সিদ্ধান্তে অটল থাকলে কেউ হস্তক্ষেপ করতে পারবে না।’
প্রধান অতিথির বক্তব্যে ড. মাসুদ বলেছেন, ‘আমরা আগামীতে আপনাদের পরামর্শ নিয়ে বাউফলকে এগিয়ে নিতে চাই। টানা সংসদ অধিবেশন চলায় আপনাদের বড় দুটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে না পারায় দুঃখিত আমি।’
হিন্দু নেতাদের উদ্দেশে এই সংসদ সদস্য বলেছেন, ‘আগামী পাঁচ বছর আপনাদের পরামর্শ নিয়ে কাজ করতে চাই। কোথাও ভুল হলে তা ধরিয়ে দেবেন, এটিই আমার প্রত্যাশা।’
সভায় উপস্থিত ছিলেন অর্ধশতাধিক হিন্দুধর্মাবলম্বী নেতাকর্মী। এতে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাউফল কালীবাড়ি মন্দিরের সভাপতি জীবন কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক অধীর চন্দ্র দাস প্রমুখ।



