নোয়াখালী
স্মার্টফোনে অনলাইন জুয়া, ১০০ টাকা জরিমানার সাথে কারাদণ্ড

ছবি: আগামীর সময়
নোয়াখালীর বেগমগঞ্জে স্মার্টফোনে অনলাইন জুয়া খেলার অপরাধে মো. নজরুল ইসলাম (৩৩) নামে এক যুবককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে আটক করা হয় তাকে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেওয়া হয় এই দণ্ড।
নজরুল ইসলাম ওই এলাকার মমিন উল্যার ছেলে। তিনি অপরাধ স্বীকার করলে প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭-এর ৪ ধারায় এ সাজা দেওয়া হয় তাকে।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন। পাশাপাশি অভিযানে র্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালীর একটি দল সহযোগিতা করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায়।
অভিযান সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে হাজীপুর এলাকায় মাদক ও অনলাইন জুয়ার প্রবণতা বাড়ছে বলে অভিযোগ ছিল স্থানীয়দের। এর পরিপ্রেক্ষিতে পরিচালনা করা হয় অভিযান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন উল্লেখ করেন, জুয়া ও মাদক রোধে অব্যাহত থাকবে এ ধরনের অভিযান।



