ধান গবেষণা ইনস্টিটিউট
ডিজি নিয়োগ বাতিল, নতুন করে দায়িত্ব বণ্টন

সংগৃহীত ছবি
গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (ডিজি) নিয়োগের প্রজ্ঞাপন দুই দিনের মাথায় বাতিল করেছে কৃষি মন্ত্রণালয়।
মঙ্গলবার মন্ত্রণালয়ের উপসচিব শেখ হাফিজুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয় এ তথ্য।
প্রজ্ঞাপনে বলা হয়, ৩ মে জারি করা নিয়োগ আদেশ করা হয়েছে বাতিল। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত সচিব (গবেষণা)কে নিজ দায়িত্বের পাশাপাশি ইনস্টিটিউটের মহাপরিচালকের শূন্য পদের বিপরীতে দেওয়া হয়েছে আয়ন-ব্যয়ন কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব। তিনি বিধি অনুযায়ী দায়িত্বভাতা পাবেন বলেও উল্লেখ করা হয়।
এছাড়া আগের আদেশ বাতিল করে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আমিনুল ইসলামকে ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দেওয়া হয়েছে রুটিন দায়িত্ব।
এর আগে ৩ মে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আমিনুল ইসলামকে মহাপরিচালকের দায়িত্ব দিয়ে জারি করা হয় প্রজ্ঞাপন। তবে নিয়োগের পর থেকেই প্রতিষ্ঠানটির অভ্যন্তরে তৈরি হয় উত্তেজনা।
কর্মকর্তা ও বিজ্ঞানীদের একাংশ বিক্ষোভ করেন ওই নিয়োগকে কেন্দ্র করে এবং নতুন ডিজিকে ‘ফ্যাসিবাদের দোসর’ ও ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিয়ে দাবি তোলেন নিয়োগ বাতিলের। অন্যদিকে আরেক পক্ষ নিয়োগ প্রক্রিয়াকে বৈধ বলে জানায় সমর্থন।
সোমবার দিনভর দুই পক্ষ ইনস্টিটিউটের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেয় পাল্টাপাল্টি। একপর্যায়ে কিছু কক্ষে তালা ঝুলিয়ে পালন করা হয় কর্মবিরতি, এতে ব্যাহত হয় গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম।



