নৌপথে দুঃসাহসিক অভিযান
সোনাদিয়া দ্বীপে দুর্বৃত্তের কবলে ৪ বিদেশি পর্যটক, উদ্ধার করল কোস্টগার্ড

চার বিদেশি পর্যটক
বিশ্বভ্রমণ করার শখ জাগে নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পুডনির মনে। পরিবারের তিন সদস্যসহ কাঠের ট্রলারে করে সমুদ্রপথে যাত্রা শুরু করেন তিনি। দুঃসাহসিক এ অভিযানের পরতে পরতে আছে বিপদ। ভাসতে ভাসতে ২০২৪ সালে বাংলাদেশে পৌঁছায় এই সাহসী পর্যটক পরিবার।
সমুদ্রপথে ভ্রমণকালে গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের মহেশখালীর দুর্বৃত্তের কবলে পড়েন তারা। তবে বাংলাদেশ কোস্ট গার্ডের তাৎক্ষণিক অভিযানে প্রাণে রক্ষা পেয়েছেন এই ৪ বিদেশি পর্যটক।
গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন ।
সাব্বির উদ্বেগ জানান, এই পর্যটকেরা বাংলাদেশে আসার পর নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় তাদেরকে এ ধরনের যাত্রা থেকে বিরত থাকার পরামর্শ দেই আমরা। পাশাপাশি গত ১ মার্চ কোস্ট গার্ডের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনাও দেওয়া হয় তাদেরকে। এডওয়ার্ডদের পাসপোর্টের মেয়াদ গত ১৬ জানুয়ারি শেষ হয়ে যায়। এসব নির্দেশনা উপেক্ষা করে তারা সোনাদিয়া চর এলাকায় বোটসহ অবস্থান করছিলেন।’
সাব্বির বলেছেন, ‘সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় কোস্ট গার্ডের একাধিক দল। জীবিত উদ্ধার করা হয় পর্যটকদের। এ সময় আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে লুট হওয়া অধিকাংশ মালামাল উদ্ধার করে হস্তান্তর করা হয় তাদের কাছে।’
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় হামলাকারীরা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি, জানান কোস্ট গার্ডের কর্মকর্তা।
‘নিরাপদ হেফাজতে রাখা হয়েছে পর্যটকদের। তাদের পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় চলছে। একইসঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অব্যাহত রয়েছে অভিযান।’



