আগামীর সময়

সেতুর পাশে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৩ লাখ টাকা

সেতুর পাশে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৩ লাখ টাকা

ছবিঃ আগামীর সময়

জামালপুরের মেলান্দহ উপজেলার দাঁতভাঙ্গা সেতুর পাশ থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সড়ক পরিবহন আইনে আরও ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দাঁতভাঙ্গা সেতুর পাশের নদীর তীর থেকে দীর্ঘদিন ধরে কয়েকজন বালু ব্যবসায়ী অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করছিলেন। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়।

অভিযানকালে মো. হামজা, মো. আলমগীর ও আনিছুর রহমান নামে তিনজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সড়ক পরিবহন আইনে করা চারটি মামলায় আরও ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেছেন, ‘দাঁতভাঙ্গা সেতুর পাশের নদীর পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

    শেয়ার করুন: