চাঁপাইনবাবগঞ্জ
পুকুরে ঝাঁপ দিয়েও মেলেনি রক্ষা, ভিমরুলের কামড়ে মৃত্যু বৃদ্ধের

প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভিমরুলের অতর্কিত আক্রমণে মৃত্যু হয়েছে সেরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের। আক্রমণ থেকে বাঁচতে পাশের পুকুরে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি তার। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে উপজেলার কানসাট ইউনিয়নের কারবালা পুকুরপাড় এলাকায় ঘটে এই ঘটনা। নিহত সেরাজুল উপজেলার সেলিমাবাদ গ্রামের আবেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে সেরাজুল বাড়ি ফিরছিলেন পাওয়ার টিলার নিয়ে। একই সময়ে শিবগঞ্জ উপজেলা পরিষদের দুই কর্মচারী মোরসালিন ও শাহিন কাদের মোটরসাইকেলে করে অতিক্রম করছিলেন ওই এলাকা।
হঠাৎ তাদের ওপর চড়াও হয় একঝাঁক ভিমরুল। বাঁচার তাগিদে তারা ৩ জনই দ্রুত ঝাঁপ দেন পাশের পুকুরে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত নিয়ে যান শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন জানান, ৩ জনের মধ্যে সেরাজুল মারা যান হাসপাতালে পৌঁছানোর আগেই। বাকি ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।



