নড়াইলে ৩৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

নড়াইলের কালিয়া উপজেলায় ৩৮ কেজি গাঁজাসহ রুচিয়া বেগম (৫৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার ঘরের খাটের নিচ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়; যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ১৫ লাখ টাকা।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিন সন্ধ্যা ৬টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নড়াইল জেলা কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার।
তিনি জানালেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে রুচিয়া বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। পাখিমারা গ্রামের তরিকুল সরদারের স্ত্রী রুচিয়া তিন বছর ধরে মাদক বেচাকেনা করছেন। তার নামে নড়াগাতী থানায় চারটি মাদক মামলা রয়েছে। ৩৮ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় নতুন একটি মামলা করা হয়েছে। এ নিয়ে রুচিয়া বেগমের নামে পাঁচটি মামলা হলো।
উপপরিচালক গোলক মজুমদার আরও জানালেন, রুচিয়া বেগমের সহযোগী পাখিমারা গ্রামের বিপুল সরদার (৩৯) পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।



