পুলিশ দেখে ১০ পিস ইয়াবা গিলে ১৪ ঘণ্টা অচেতন

ছবিঃ আগামীর সময়
বরিশালের গৌরনদীতে চলছিল মাদকবিরোধী অভিযান। সন্দেহ থেকে এক পথচারীকে ডাকে পুলিশ। হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে জানা গেছে, ভয়ে সঙ্গে থাকা ইয়াবা গিলে ওই যুবক হারান চেতনা। জ্ঞান ফেরে প্রায় ১৪ ঘণ্টা পর।
রবিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার টরকী বাসস্ট্যান্ডের কাছে নীলখোলা এলাকায়। সানোয়ার হোসেন নামের ওই যুবক মাদক কারবারি- বলছে পুলিশ। তার বাড়ি মুন্সিগঞ্জে। তথ্য গৌরনদী মডেল থানা পুলিশের এএসআই সরবত আলির।
তিনি জানালেন, রাতে ওই এলাকায় অভিযানে যায় পুলিশ। আচরণ সন্দেহজনক দেখে সানোয়ারকে দাঁড়াতে বলা হয়। হঠাৎ একটি প্যাকেট বের করে কয়েকটি ট্যাবলেট গিলে ফেলেন সানোয়ার। অচেতন হয়ে পড়লে তার দেহ তল্লাশি করে পাওয়া যায় বেশ কিছু ইয়াবা ট্যাবলেট। খোলা প্যাকেট দেখে পুলিশের ধারণা, অন্তত ১০ পিস ইয়াবা একসঙ্গে মুখে নিয়ে চিবিয়ে গিলে ফেলেন সানোয়ার।
তাকে নেয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দুপুর ১২টায় জ্ঞান ফিরলেও আছেন অসুস্থ।
মেথাএমফিটামিন ও ক্যাফেইনের সংমিশ্রণে তৈরি হয় ইয়াবা। গ্রহণ করার পর শুরুতে শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা হয়ে ওঠে সেবক। এ কারণে ইয়াবাকে বলা হয় ‘আপার ড্রাগ’ বা ‘ক্রেজি ড্রাগ’।
‘নেশা হিসেবে গ্রহণ করলে শরীরে এর ইম্প্যাক্ট একরকম। এটি তখন উত্তেজিত করে ফেলে। তবে ওই লোক সেগুলো একসঙ্গে গিলে ফেলায় তার মাংসপেশীতে প্রচণ্ড ব্যাথা সৃষ্টি হয়েছে। অতিমাত্রায় ব্যাথা ও উত্তেজনায় তিনি জ্ঞান হারিয়েছেন’- বক্তব্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফকরুল ইসলাম মৃধার।
সুস্থ হলে মামলা দিয়ে সানোয়ারকে পাঠানো হবে আদালতে- জানিয়েছেন এএসআই সরবত।



