সবুজ পাতার ফাঁকে লাল ফল, ঘুরে যাচ্ছে কৃষকের ভাগ্যের চাকা

জয়পুরহাটের একটি গ্রামের স্ট্রবেরি খেত। ছবি: আগামীর সময়
বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে লাল টুকটুকে ফল। বাতাসে ছড়াচ্ছে মিষ্টি ঘ্রাণ। লাভজনক হওয়ায় স্ট্রবেরি চাষের প্রতি ঝুঁকেছেন জয়পুরহাটের কৃষকেরা। বদলে যাচ্ছে তাদের ভাগ্যের চাকা। ‘স্ট্রবেরি ভিলেজ’ নামে পরিচিতি পেয়েছে এখানকার তিনটি গ্রাম।
স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার উৎপাদিত স্ট্রবেরি সরবরাহ করা হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, জেলার সদর উপজেলার জামালপুর, চান্দা ও কালিবাড়ি গ্রামে ব্যাপকভাবে চাষ হয়েছে স্ট্রবেরির। মাঠের পর মাঠজুড়ে চোখে পড়ল এই ফল।
স্বল্প সময়ে উৎপাদন ও লাভ বেশি হওয়ায় গত বছরের চেয়ে এবার বেশি পরিমাণ জমিতে এই ফলের চাষ করেছেন চাষিরা। এরই মধ্যে ফল তোলাও শুরু হয়েছে জমি থেকে।
কৃষকেরা জানান, বর্তমানে খেত থেকেই পাইকারি দরে তিনশ থেকে চারশ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি স্ট্রবেরি।
চান্দা গ্রামের কৃষক হাফিজার রহমান আশাবাদ ব্যক্ত করলেন, ‘এক বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করলে সার, সেচ, শ্রমিকসহ যাবতীয় উৎপাদন খরচ বাদ দিয়েও অনায়াসে লাভ করা সম্ভব দুই থেকে আড়াই লাখ টাকা।’
কালিবাড়ি গ্রামের চাষি হারুন হোসেন উচ্ছ্বাস প্রকাশ করলেন, ‘গত চার-পাঁচ বছরের তুলনায় এ বছর বাজারে স্ট্রবেরির দাম বেশ ভালো। তাই আশা করছি এবার আমরা বেশ লাভজনক অবস্থায় থাকব।’
প্রতিদিন সকাল থেকেই অন্যরকম এক কর্মব্যস্ততা শুরু হয় এই গ্রামগুলোতে। খেত থেকে তোলা তাজা লাল ফলগুলো প্যাকেটজাত করে ট্রাকে তোলে পাঠানো হয় দেশের নানা প্রান্তে।
পাইকারি বিক্রেতা মাহমুদুল হাসান বললেন, ‘এখানকার স্ট্রবেরির মান খুব ভালো। আমি পাবনা থেকে এসেছি। এখান থেকে কিনে পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও যশোরসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছি আমরা।
লাভজনক এই ফল চাষে কৃষকদের উৎসাহিত করতে মাঠ পর্যায়ে কাজ করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
চলতি মৌসুমে জয়পুরহাট জেলায় মোট ১৩ হেক্টর জমিতে স্ট্রবেরি চাষ হয়েছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক একেএম সাদিকুল ইসলাম ।
তিনি বলেছেন, কৃষকরা যাতে নির্বিঘ্নে ও প্রচুর পরিমাণে স্ট্রবেরি উৎপাদন করতে পারেন, এজন্য দিয়ে যাচ্ছি প্রয়োজনীয় পরামর্শ। পরিপক্ব অবস্থায় এখানকার স্ট্রবেরি বেশ রসালো ও সুস্বাদু হয়। গুণগত মান ভালো হওয়ায় বাজারে ব্যাপক চাহিদা রয়েছে এ ফলের।




