এক বস্তা করলা চুরি, স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী

সংগৃহীত ছবি
অন্যের জমির করলা চুরি করেছেন স্ত্রী। এমন অভিযোগ পান স্বামী। এ খবরে যেন বাজ পড়ল স্বামীর মাথায়। অভিযোগ পেয়েই স্ত্রী ছালেহা বেগমকে (৪০) বাঁধেন গাছের সঙ্গে। এরপর শুরু করেন লাঠিপেটা। এরই মধ্যে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
ঘটনাটি কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের। ঘটে মঙ্গলবার (১৪ এপ্রিল)।
এলাকাবাসী জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে ফরহাদ হোসেনের জমি থেকে করলা চুরি করেন ছালেহা বেগম। এ সময় করলাসহ তিনি আটক হন জমির মালিক ও এলাকাবাসীর কাছে। পরে বিষয়টি ছালেহার স্বামী বদি মিয়াকে জানালে গাছে বেঁধে লাঠি দিয়ে বেধরক পেটান স্ত্রীকে।
জমির মালিক ফরহাদ হোসেন বলেছেন, ‘প্রায়ই জমি থেকে চুরি হয় করলা। ক্ষেতে গোপন পাহারা বসালে এক বস্তা করলাসহ আটক হন ছালেহা নামের নারী। পরে বিষয়টি তার স্বামীকে জানাই।’
এ ঘটনায় দাঁতভাঙ্গা ইউপি সদস্য আবুল হোসেন জানান, করলাসহ এক নারীকে আটক করেছেন জমির মালিক ফরহাদ হোসেন। পরে ওই নারীকে শাসন করে নিয়ে গেছেন স্বামী।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেছেন, ‘ঘটনার বিষয়ে আমার জানা নেই। তবে খোঁজ নেব।’



