পাবনায় দ্রুত ছড়িয়ে পড়ছে হাম, টিকাদান শুরু

ছবিঃ আগামীর সময়
পাবনায় দ্রুত ছড়িয়ে পড়ছে সংক্রামক রোগ হাম। প্রতিরোধে শুরু হয়েছে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের জরুরি টিকাদান কর্মসূচি।
এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জান চৌধুরী। সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুরে এ কর্মসূচির উদ্বোধন করা হয় রবিবার (৫ এপ্রিল)।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, টিকাদান কর্মসূচির আওতায় জেলার সদর, আটঘরিয়া, বেড়া ও ঈশ্বরদী উপজেলার ১ লাখ ৮৩ হাজার ৬৬৬ জন শিশুকে দেওয়া হবে হামের টিকা। এর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ সদর উপজেলায়।
টিকাদান কর্মসূচি উদ্বোধন শেষে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জান চৌধুরী বলেছেন, ৬০৪ কোটি টাকা ব্যয়ে ১০ ধরনের টিকা ক্রয় প্রস্তাব অনুমোদন করে চিঠি দিয়েছি ইউনিসেফকে। তারাও এগিয়ে এসেছে। তাদের সহায়তায় হাম রোধে গ্যাভি থেকে টিকা নিয়ে কাজ করছি আমরা। এখন হামের এ সংক্রমণ দ্রুতই প্রতিরোধ করা সম্ভব।
এদিকে পাবনায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন পাবনা জেনারেল হাসপাতালে। এর বিপরীতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন রোগী। বর্তমানে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ৪১ জন। এদের মধ্যে চারজন প্রাপ্ত বয়স্ক আর বাকিরা শিশু। চলতি বছর জেলায় হাম আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন মোট ১৯৩ জন।
টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক হাবিবুর রহমান, পাবনা সিভিল সার্জন আবুল কালাম আজাদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী ডা. কামরুজ্জামান, ইউনিসেফের রাজশাহী ও রংপুর বিভাগের হেলথ অফিসার ডা. বিকাশ চন্দ্র দাশ, ডেপুটি সিভিল সার্জন খায়রুল কবির, পাবনা মানসিক হাসপাতালের পরিচালক ডা. শাফকাত ওয়াহিদ, পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌসসহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের স্বাস্থ্য কর্মকর্তারা।



