জামালপুর
স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড

ছবি: আগামীর সময়
জামালপুরের ইসলামপুরে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। মামলার প্রধান আসামি পেয়েছেন খালাস।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে এই রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক আব্দুর রহিম।
মৃত্যুদণ্ডের আসামিরা হলেন, ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শীলদহ এলাকার মো. শিপন (১৯), মো. ইব্রাহিম (২৫) ও মো. ইউসুফ আলী (২০)।
এসব নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক।
এজাহারসূত্রে জানা গেছে, এলাকার স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল চাচাতো ভাই মো. সাদিকের। ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে বিয়ের আশ্বাসে মেয়েটিকে একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন তিনি। পরে শিপন, ইব্রাহিম ও ইউসুফ উপস্থিত হলে পালিয়ে যান সাদিক। মেয়েটিকে তখন ধর্ষণ করেন ওই তিনজন।
১৬ দিন পর ইসলামপুর থানায় সাদিকসহ চারজনের নামে ধর্ষণ মামলা করেন ওই স্কুলছাত্রীর বাবা। ৯ জনের সাক্ষ্য নিয়ে ধর্ষণের দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দেন বিচারক। তবে দুইপক্ষের সম্মতিতে শারীরিক সম্পর্কের বিষয়টি প্রমাণিত হওয়ায় খালাস পান মূল আসামি সাদিক।



