আগামীকাল যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। ছবি: আগামীর সময়
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার যশোর সফরে আসছেন। দায়িত্বভার গ্রহণের পর এটা তার প্রথম যশোর সফর। এর আগে গত ২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সেখানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তার সফরকে ঘিরে আশাবাদী হয়ে উঠেছেন স্থানীয় লোকজন।
তারেক রহমানের এই সফরকে তার নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন ও যশোরের প্রতি তার বিশেষ ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন স্থানীয়রা।
সফরসূচি অনুযায়ী, প্রথমে শার্শা উপজেলার ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
একই সঙ্গে যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার আধুনিক হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন করবেন তিনি। প্রতিষ্ঠার দেড় দশক পেরিয়ে গেলেও যশোর মেডিকেল কলেজে কোনো হাসপাতাল ছিল না। দীর্ঘ ৫ কিলোমিটার দূরে গিয়ে ইন্টার্নশিপ করতে হতো শিক্ষার্থীদের, রোগীদেরও চরম ভোগান্তি পোহাতে হতো।
মেডিকেল কলেজ ক্যাম্পাসে হাসপাতাল নির্মাণের এই উদ্যোগে আনন্দিত শিক্ষার্থীরা। এখন আর মুমূর্ষু রোগী নিয়ে খুলনা বা ঢাকায় ছুটতে হবে না স্থানীয়দের।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে যশোরে বিরাজ করছে উৎসবের আমেজ। শহরজুড়ে চলছে প্রচারপত্র বিতরণ, মিছিল আর পথসভা। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিতব্য জনসভাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেছেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এ অঞ্চলের উন্নয়নের কারিগর ছিলেন তরিকুল ইসলাম। আজ তাদেরই উত্তরসূরিদের হাত ধরে যশোরের উন্নয়নের চাকা আবারো সচল হচ্ছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলাম বললেন, বিগত সরকারের আমলে ধ্বংস হওয়া উন্নয়নের ধারা আবারো তারেক রহমানের নেতৃত্বে প্রাণ ফিরে পাবে।
প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানান, নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে পুরো শহর।



