লক্ষ্মীপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৭৩ রোগী

ছবি: আগামীর সময়
লক্ষ্মীপুরে হামের উপসর্গ নিয়ে সরকারি হাসপাতালগুলোতে ৭৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালেই ৫৮ জন ভর্তি রয়েছেন। শয্যা সংকটে অনেক রোগীকে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে, এমনকি একটি বেডে একাধিক রোগী রাখা হয়েছে।
বুধবার সকালে এ তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন।
তিনি উল্লেখ করেছেন, গত প্রায় তিন মাসে জেলার চারটি সরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৪১১ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ সময় ১৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
হামে আক্রান্ত হয়ে রামগঞ্জ উপজেলার এক শিশু ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বর্তমানে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, রায়পুরে ৭ জন এবং রামগতিতে ২ জন রোগী চিকিৎসাধীন আছেন।
ডা. শাহীন জানিয়েছেন, হামের রোগীদের জন্য সদর হাসপাতালে ১০ শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও শরীরে হাম শনাক্ত হয়নি।
সংশ্লিষ্টরা জানান, ১০০ শয্যার সদর হাসপাতালে প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৩৫০ রোগী ভর্তি থাকায় চাপ বাড়ছে এবং চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।



