ইঞ্জিন বিকল হয়ে ৫ ঘণ্টা বন্ধ চট্টলা এক্সপ্রেস

ছবি: আগামীর সময়
ইঞ্জিন বিকল হয়ে ফেনী রেলওয়ে স্টেশনে প্রায় ৫ ঘণ্টা বন্ধ ছিল চট্টলা এক্সপ্রেস। ভোগান্তিতে পড়েন ঢাকাগামী যাত্রীরা। আর ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে সহকারী লোকোমাস্টার। মঙ্গলবার সকাল ৮টার দিকের ঘটনা এটি।
ফেনী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. হারুন নিশ্চিত করেছেন এসব তথ্য। জানিয়েছেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেনটি স্টেশন এলাকায় পৌঁছাতেই ইঞ্জিনের ট্যাবলেট কভার থেকে ধোঁয়া বের হতে শুরু করে। দুপুর ১টার দিকে ইঞ্জিন মেরামত শেষে রাজধানীর উদ্দেশে ছেড়ে যায় চট্টলা এক্সপ্রেস।
দীর্ঘ সময় অপেক্ষায় থেকে যাত্রীদের কয়েকজন গন্তব্যে রওনা দেন বিকল্প যানে। যাত্রী মুজিবুর রহমান বিপ্লব বলেন, ‘ঢাকায় জরুরি কাজ থাকায় ট্রেন মেরামত পর্যন্ত অপেক্ষা করতে পারছি না। তাই বাসেই চলে যাচ্ছি।’
ধোঁয়ায় অসুস্থ সহকারী লোকোমাস্টার মো. কাওছারকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



