নাসিরনগর
পানিতে ডুবে গেল পাকা ধান, সইতে না পেরে মৃত্যু কৃষকের

গ্রাফিকস: আগামীর সময়
টানা বৃষ্টিতে চোখের সামনে নিজের ছয় বিঘা জমির পাকা ধান পানিতে তলিয়ে যাওয়া সহ্য করতে পারেননি কৃষক আহাদ মিয়া। জমিতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের।
আজ শনিবার (২ মে) সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে ঘটে এ ঘটনা৷ মৃত আহাদ গ্রামের হরমুজ আলীর ছেলে।
মৃতের স্বজনরা জানালেন, সকাল সাড়ে ৮টায় আহাদ মিয়া শ্রমিক নিয়ে হাওরে যান তার জমির পাকা ধান কাটতে। গিয়ে দেখেন পানিতে তলিয়ে গেছে সব ধান। এ সময় অচেতন হয়ে পড়েন তিনি। পরে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
মৃত আহাদ মিয়ার ভাই ও ইউপি সদস্য আহামেদ আলীর ভাষ্য, চোখের সামনে পাকা ধান পানিতে তলিয়ে যেতে দেখে সহ্য করতে পারেননি আহাদ। জমিতেই মৃত্যু হয় তার।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন। তিনি জানান, টানা বৃষ্টিপাতের কারণে অনেক কৃষকের ধান তলিয়ে গেছে পানিতে। এমন শোক সইতে না পেরে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে শুনেছি।



