আচার চুরি নিয়ে বিবাদ, সহপাঠীকে রড দিয়ে পেটানোর অভিযোগ

ছবিতে আহত স্কুলছাত্র।
মাদারীপুরের শিবচরে ব্যাগ থেকে আচার চুরির ঘটনাকে কেন্দ্র করে এক স্কুলছাত্রকে লোহার রড দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে তারই সহপাঠীদের বিরুদ্ধে। তারা উপজেলার পাঁচ্চর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
আজ বৃহস্পতিবার ঘটনাটি নিশ্চিত করেছেন শিবচর থানার ওসি মুঞ্জুল মোর্শেদ। তিনি জানান, গতকাল বুধবার বিকালে পাঁচ্চর বাসস্ট্যান্ড এলাকার রূপসী বাংলা মার্কেটের সামনে ঘটেছে এ ঘটনা।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, ক্লাসের এক শিক্ষার্থীর ব্যাগ থেকে আচার চুরি হয় এক সপ্তাহ আগে। এ জন্য ভুক্তভোগী ছাত্রটিকে দায়ী করে আরেক সহপাঠী। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এর জেরে গতকাল বুধবার একা পেয়ে ভুক্তভোগীর ওপর হামলা চালায় অভিযুক্ত ও তার বন্ধুরা। আহত ছেলেটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে তাকে নেওয়া হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
আহত ছাত্রের বাবা লুৎফর রহমানের দাবি, ‘আমার ছেলে নীরব ও ভদ্র। সে কারও জিনিস না বলে ধরবে না। মিথ্যা অপবাদ দিয়ে আমার ছেলেকে মারধর করা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।’
এদিকে সাংবাদিক পরিচয়ে মন্তব্য নিতে অভিযুক্ত ছাত্রকে মোবাইল ফোনে কল করা হলে সে কল কেটে দেয়। পরে ফোন বন্ধ পাওয়া যায়।
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুল মোর্শেদ বলেছেন, ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ। থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত শিক্ষার্থীর মা। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



