নদী ও খাল খনন দুর্নীতিমুক্ত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রতিমন্ত্রী

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ বাস্তবায়নে দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নদী-খাল ও জলাশয় খননসহ সব কার্যক্রম দুর্নীতিমুক্ত রাখতে সরকার বদ্ধপরিকর।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেছেন।
প্রতিমন্ত্রী পানি সম্পদ নিয়ে বিগত সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেছেন, ‘অতীতে পানি উন্নয়ন বোর্ড সম্পর্কে মানুষের যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তা পরিবর্তনে সরকার নানা উদ্যোগ নিয়েছে।’
‘আমাদের মন্ত্রণালয় যেসব পরিকল্পনা হাতে নিয়েছে, আমরা সেগুলো বাস্তবায়ন করব বলে বিশ্বাস করি’, যোগ করেন তিনি।
বর্তমান সরকারের খাল ও নদী খনন প্রক্রিয়ার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেছেন, টেন্ডার কার্যক্রম, নদীভাঙন রোধ ও সংশ্লিষ্ট কাজগুলো সাধারণত এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে সম্পন্ন করা হয়। এরপরের মাসগুলোতে নতুন কাজ যাচাই-বাছাই করে পরবর্তী বছরের জন্য প্রস্তুতি নেওয়া হয়। এসব কার্যক্রম স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হবে।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. শাজাহান সিরাজ প্রমুখ।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ফরিদপুর থেকে সড়কপথে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হন।

