মেহেরপুরে সাড়ে ৪ হাজার লিটার ডিজেল জব্দ

সংগৃহীত ছবি
মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহেবনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে সাড়ে ৪ হাজার লিটার ডিজেল।
গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত আড়াইটায় গোপন তথ্যর ভিত্তিতে এই অভিযান চালায় গাংনী থানা পুলিশ।
আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক।
এতে বলা হয়, ঝিনাইদহ-ঢ-৪১-০০৪৩ নম্বরের একটি ট্যাংকলরি হতে প্রায় ৪৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। লরিটি খুলনা ডিপো হতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামে যাওয়ার কথা থাকলেও নির্ধারিত গন্তব্যে না গিয়ে ডিজেল খালাস করছিল সাহেবনগর বাজারে থেমে স্থানীয় এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে।
এসময় সংশ্লিষ্ট ব্যক্তিরা জব্দকৃত তেল সরবরাহের বৈধ কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হলে ডিজেলসহ লরিটি জব্দ করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, উল্লেখ করা হয় বিজ্ঞপ্তি।

