দক্ষিণ কোরিয়ায় মদ্যপ চালকের গাড়িচাপায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

সংগৃহীত ছবি
উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমিয়েছিলেন হাসিবুর রহমান নামে এক বাংলাদেশি শিক্ষার্থী। ওই দেশেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তার। এক মদ্যপ চালকের বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তার।
গতকাল শনিবার রাতে নিজের কাজ শেষে একটি ইলেকট্রিক স্কুটার চালিয়ে বাসায় ফিরছিলেন হাসিবুর। পথে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি গাড়ি সজোরে ধাক্কা মারে তার স্কুটারে। মদ্যপ অবস্থায় ছিলেন সেই গাড়ির চালক। দুর্ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসিবুরকে। সেখানে জরুরি বিভাগে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। কিন্তু মস্তিষ্কে আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
নিহত হাসিবুর জয়পুরহাট জেলার কালাই উপজেলার মহেশপুর গ্রামের নিজাবুল ইসলাম হিরোর সন্তান। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ কোরিয়ার জেওনবুক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন হাসিবুর রহমান।
নিহতের বন্ধু ও স্বজনের ভাষ্য, পড়াশোনার উদ্দেশে ২০২৩ সালের ডিসেম্বরে স্টুডেন্ট ভিসা নিয়ে দক্ষিণ কোরিয়ায় যান হাসিবুর। প্রবাস জীবনে পা রাখার মাত্র চার মাস আগে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। সুন্দর ভবিষ্যতের আশায় বিদেশে গিয়ে এমন মর্মান্তিক মৃত্যুর শিকার হবেন, তা মেনে নিতে পারছেন না কেউই। তরতাজা এই প্রাণ ঝরে যাওয়ায় তার নিজ গ্রাম মহেশপুরে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্যদের মাঝে চলছে শোকের মাতম।
তরুণ এই শিক্ষার্থীর এমন হৃদয়বিদারক মৃত্যুতে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও বিরাজ করছে গভীর বিষাদ। নিহত হাসিবুরের মরদেহ দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে আনতে ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদান করছেন স্থানীয় প্রবাসীরা।



