পুলিশের ওপর হামলা, রূপগঞ্জের সেই যুবদল নেতা বহিষ্কার

সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেশিশক্তি প্রদর্শন এবং রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদানের মতো গুরুতর অভিযোগে শামীম মিয়াকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই বহিষ্কারাদেশ কার্যকর করার সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বহিষ্কৃত শামীম মিয়ার কোনো ধরনের ব্যক্তিগত অপকর্ম বা দায়দায়িত্ব দল বহন করবে না। একই সঙ্গে রূপগঞ্জসহ সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্যও দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, রূপগঞ্জে হত্যা ও মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শামীম মিয়াকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসনকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, অভিযানে গিয়ে শামীম মিয়াকে গ্রেপ্তার করে হ্যান্ডকাফ পরিয়ে পুলিশের গাড়িতে তোলা হয়। এ সময় তার অনুসারীরা ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশকে অবরুদ্ধ করে। একপর্যায়ে তারা পুলিশের পিকআপভ্যানের চাকা কেটে দেয় এবং ধাক্কাধাক্কি শুরু করে। পরে হামলা চালিয়ে শামীমকে ছিনিয়ে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে হামলাকারীদের আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করেন। পরে চনপাড়া পুনর্বাসনকেন্দ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শামীমের স্ত্রী সাথী আক্তারসহ ১৩ জনকে আটক করা হয়।



