সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

গ্রাফিক্স। আগামীর সময়
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খেলার সময় পুকুরে পড়ে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলো, আদনান (১০) ও আব্রাহাম (৬)। তারা কুষ্টিয়া জেলার পিরোজপুর গ্রামের বাসিন্দা জিয়াউর রহমানের ছেলে। রায়েরটেক খান বাড়ির নিজাম খানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বাস করতেন তারা।
প্রত্যক্ষদর্শী রনি হোসেন জানান, দুই ভাই পুকুরপাড়ে ফুটবল নিয়ে খেলছিল। একপর্যায়ে বলটি পুকুরে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে তারা পানিতে নামে। এরপর হঠাৎ করেই তাদের আর দেখা যায়নি।
পরে এক নারীর কান্নাকাটি শুনে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর একে একে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা জানান, সামান্য অসতর্কতার কারণে এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেছন, ‘পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’



