বরিশালে তথ্যমন্ত্রী
মন্ত্রীরও অনুভব মফস্বলে নেই সব ধরনের স্বাস্থ্যসেবা

ছবি: আগামীর সময়
সোমবার দুপুর। অন্যদিনের চেয়ে একটু বেশি গরম। ফরমাল পোশাক ছেড়ে হালকা ব্রাউন কালারের পোলো শার্টে এলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। উদ্বোধন করলেন আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নিজের জেলার মন্ত্রীকে পেয়ে উদ্দীপ্ত বরিশালবাসী। দূরে উৎসুক জনতার ভিড়। অপেক্ষমাণ সাংবাদিকরা। তাদের প্রশ্নের মুখোমুখি হন মন্ত্রী। তাকে লক্ষ্য করে তাক করা হয় একাধিক গণমাধ্যমের বুম। একে একে আসতে থাকে প্রশ্ন। কে কার আগে প্রশ্ন করবেন, কী প্রশ্ন রাখবেন, সেই নিয়ে ব্যস্ততা।
মফস্বলে বিভাগীয় জেলা পর্যায়ে সব ধরনের চিকিৎসাসেবা পাওয়া যায় না বলে অনুভব করলেন হাম-রুবেলার টিকা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী। বললেন, ‘জেলার সব হাসপাতালের চিকিৎসা সংকটের খবর রয়েছে আমাদের কাছে। সেই সংকট কীভাবে সমাধান করা যায়, সেই লক্ষ্যে কাজ করছি আমরা। মফস্বলে যাতে সব ধরনের চিকিৎসাসেবা পাওয়া যায়, সেদিক নিয়েও কাজ করছে সরকার।’
পুলিশ প্রটোকল তো ছিলই; সেই সঙ্গে মন্ত্রীর পাশে ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামলকৃষ্ণ মণ্ডল, ডিসি খায়রুল আলম সুমন, সিভিল সার্জন মনজুর এ এলাহী, পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকেই।
এরপরই পাল্টে যায় আলাপের প্লট। কথা শুরু হয় দেশের সবচেয়ে বড় সংকট ‘জ্বালানি তেল’ নিয়ে। বর্তমানে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, সেই সংকটের জন্য দায়ী বিগত স্বৈরাচারী সরকার। এমন মন্তব্য দিয়ে শুরু হয় মন্ত্রীর ক্ষোভ প্রকাশ। ‘রাষ্ট্র কাঠামোকে নতুন করে মেরামত করতে চায় বিএনপি সরকার। রাষ্ট্র ও রাজনীতিকে সংস্কার করতে না পারলে চলমান সংকট থেকে উদ্ধার করা যাবে না’— মনে করেন তিনি।
জ্বালানি আমদানিনির্ভর একটি রুটিন তৈরি করেছিল বিগত সরকার। কিন্তু দেশে পর্যাপ্ত পরিমাণ গ্যাস থাকলেও হীন ব্যবসার স্বার্থে গ্যাস তোলার মতো কোনো কর্মসূচি নেয়নি তারা। এমন খেদোক্তির পাশাপাশি আক্ষেপের স্বর মন্ত্রীর, ‘আজকে দেশে নিজস্ব গ্যাস উৎপাদনের সক্ষমতা থাকলে হরমুজ প্রণালিসংক্রান্ত এ সমস্যায় পড়তে হতো না।’
শেষ হয় স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন কার্যক্রম। সেখান থেকে তথ্যমন্ত্রী উপস্থিত হন উপজেলা পরিষদে। উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা ছিল নির্ধারিত। সভা শেষে বরিশালের ছেলে দেখতে যান তার স্মৃতিবিজড়িত বাবুগঞ্জ উপজেলার মাধবপাশার দুর্গাসাগর দীঘি। সেখানে গিয়ে হয়তো একটু শীতল অনুভব করেন। আইরিশ কথাসাহিত্যিক উইলিয়াম জন ভেনভিল তার ‘দ্য সি’ উপন্যাসে যেমন বলেছিলেন, ‘অতীত আমার ভেতরে একটি দ্বিতীয় হৃদয়ের মতো স্পন্দিত হয়।’ তেমনটি জহির উদ্দিন স্বপনের মনেও জেগেছিল কি না, জানা নেই কারও।



