অবৈধভাবে ভোজ্য তেল মজুত, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

ছবিঃ আগামীর সময়
যশোরের নীলগঞ্জ এলাকায় অবৈধভাবে ভোজ্যতেল মজুত করার দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তের নাম হাসিব ইমামী। তিনি 'মেসার্স নওয়াব আলী' গুদামের মালিক।
একইসঙ্গে ৪৩ হাজার ৪৪ লিটার ভোজ্যতেল জব্দ করেছেন আদালত।
গতকাল বুধবার বিকেলের এই অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় ওই গুদামে। সেখানে মোট ২১১ ব্যারেল তেল মজুত ছিল, যার মধ্যে সয়াবিন তেল ৮১ ব্যারেল, পাম অয়েল ৯০ ব্যারেল ,সুপার অয়েল: ৪০ ব্যারেল। প্রতিটি ব্যারেলে ২০৪ লিটার করে তেল ছিল। জব্দকৃত তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯১ লাখ টাকা।
সেলিমুজ্জামান মন্তব্য করেন, ‘ভোজ্যতেলের বাজার অস্থির করতে এবং অধিক মুনাফার উদ্দেশে মজুত করা হয় এই বিপুল পরিমাণ পণ্য। জব্দ করা তেল দ্রুত বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’



