চাঁদা নিয়ে বিরোধ
চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

সংগৃহীত ছবি
চাঁদা আদায়কে কেন্দ্র করে বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লাসহ আন্তঃজেলা ও আন্তঃউপজেলা রুটে বন্ধ হয়ে গেছে বাস চলাচল। শুক্রবার সকাল থেকে একটি শ্রমিক সংগঠনের সদস্যরা কর্মবিরতি শুরু করায় বন্ধ হয়ে যায় যাত্রী পরিবহন।
শ্রমিকরা জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বিরোধের জেরে সৃষ্টি হয়েছে এই অচলাবস্থা। শ্রমিকদের দাবি, চাঁপাইনবাবগঞ্জ থেকে চলাচল করা বাস থেকে চাঁদা আদায় করছে সংগঠন দুটি। এ নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে।
ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার বলছিলেন, ‘দীর্ঘদিন ধরে দুটি সংগঠন একীভূত হয়ে শ্রমিকদের কল্যাণে নির্ধারিত হারে আদায় করছে চাঁদা। কিন্তু হঠাৎ করেই মোটর শ্রমিক ইউনিয়নের নামে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিপুরে আলাদাভাবে চাঁদা আদায় শুরু করে একটি পক্ষ। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে শ্রমিকরা। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত চলবে কর্মবিরতি।’
এদিকে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমত বলেছেন, ‘ নিয়ম মেনে শুধু বাস থেকে চাঁদা আদায় করছে আমাদের সংগঠন। অন্যদিকে, বাস থেকেও চাঁদা তুলছে ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। অথচ বাস থেকে চাঁদা নেয়ার অনুমতি নেই ওই সংগঠনের।’
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেছেন, দুই সংগঠনের বিরোধ মেটাতে উভয়পক্ষকে নিয়ে বৈঠকে বসেছিল পুলিশ। কিন্তু দুই পক্ষের অনড় অবস্থানের জন্য সমঝোতা করা সম্ভব হয়নি। আমরা চেষ্টা করছি বিষয়টি সমাধান করার।’ ‘শ্রমিক সংগঠনের দুই পক্ষকেই বলা হয়েছে, সড়কে কোনো ধরণের চাঁদাবাজি করা যাবে না,’ যোগ করেন তিনি।



