বিএনপি নেতার মুক্তির দাবিতে সড়ক আটকে বিক্ষোভ

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গত সোমবার আগ্নেয়াস্ত্র, গুলি, গাঁজাসহ আটক হন বিএনপি নেতা মো. জাকির হোসেন ফরাজি। তার মুক্তির দাবিতে আজ বুধবার দুপুরে সড়ক আটকে হয় বিক্ষোভ।
ভোলার বাংলাবাজার এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে ‘সর্বস্তরের জনগণ’ ব্যানারে আসা লোকজন। প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
আন্দোলনকারীদের দাবি, জাকির হোসেনকে মামলায় ফাঁসানো হয়েছে। তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এলাকায় জনপ্রিয়তা থাকায় পরিকল্পিতভাবে তাকে হেয় করার জন্য এ ঘটনা।
দৌলতখান থানার ওসি মো. ফকরুল ইসলাম জানালেন, তিনি ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের ‘বুঝিয়ে’ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
গ্রেপ্তার ফরাজি বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সহসভাপতি। গত সোমবার রাতে ইলিশার মেঘনা নদীতে কর্ণফুলী-১৩ লঞ্চে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কোস্ট গার্ড। তার কাছ থেকে জব্দ হয় একটি একনলা বন্দুক, চার রাউন্ড তাজা গুলি ও দুই কেজি গাঁজা।
সদর থানায় তার নামে মামলা দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে থানার সামনেও তার মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি করেন সমর্থকরা।



