কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা, ৪ সন্দেহভাজন আটক

কুমিল্লা মহাসড়কে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন চার ব্যক্তিকে আটক করেছেন র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জড়িত একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
রবিবার দিনব্যাপী অভিযানে তাদের আটক করা হলেও আসামিদের পরিচয় নিশ্চিত করেননি র্যাব-১১, সিপিসি-২-এর অধিনায়ক মেজর সাদমান ইসলাম। আগামীকাল বেলা ১১টায় ঢাকা হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলন করে বিষয়টি বিস্তারিত জানাবে র্যাব।
এর আগে শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় চট্টগ্রামমুখী লেনে আইরিশ হোটেলের পাশে পড়ে থাকা বুলেট বৈরাগীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় কুমিল্লার সদর দক্ষিণ থানায় একটি মামলা করেন বুলেট বৈরাগীর মা নীলিমা বৈরাগী।
এদিকে আজ সকালে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানেই শেষকৃত্য শেষে দাহ হবে তার মরদেহ।
স্থানীয় সূত্র বলছে, বৈরাগী কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা ছিলেন। তিনি চট্টগ্রামে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন। গত ১১ এপ্রিল সরকারি প্রশিক্ষণে যোগ দিতে চট্টগ্রামে যান। শুক্রবার রাত ১১টার দিকে প্রশিক্ষণ শেষে চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে বাসে করে কুমিল্লার উদ্দেশে রওনা হন।
সর্বশেষ রাত ১টা ২৫ মিনিটে তিনি ফোন করে জানান, কুমিল্লা নগরীর টমছম ব্রিজ চৌরাস্তার মোড়ে পৌঁছেছেন। এর কিছুক্ষণ পর থেকে তার মোবাইল ফোন সংযোগ বন্ধ হয়ে যায়।



