ঈদকে কেন্দ্র করে সক্রিয় জাল টাকা তৈরির চক্র, গ্রেপ্তার ২

ঢাকার কেরানীগঞ্জ থেকে জাল টাকা তৈরি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ)। এই অভিযানে মোট ৮ লাখ টাকার জাল নোট জব্দ করেছে ডিবি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. কাউসার (৫০) ওরফে বড় মহাজন ও মো. কামাল (৫১)।
গতকাল মঙ্গলবার কেরানীগঞ্জের কদমতলীতে ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. তরিকুল ইসলাম।
তরিকুল জানান, গত সোমবার রাতে কেরানীগঞ্জের ভাগনা মুজিবনগর এলাকার একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় অভিযান চালায় পুলিশ। এ অভিযানের নেতৃত্ব দেন ডিবি দক্ষিণের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম সুমন।
পরে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত প্রিন্টার, জলছাপযুক্ত বিশেষ কাগজ, কালি, হ্যান্ড সিলার, তিনটি কাঠের ডাইসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।
ওসি সফিকুল জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর হাটে এসব জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন তারা।



