ফরিদপুরে তিন খুনের প্রধান অভিযুক্ত আকাশ আটক

সংগৃহীত ছবি
ফরিদপুরে ফুপু-দাদী ও প্রতিবেশীকে কুপিয়ে হত্যায় সন্দেহভাজন আকাশ মোল্লাকে (২৮) আটক করেছে র্যাব ও পুলিশের যৌথ দল। মঙ্গলবার ভোরে আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে বাড়ির পাশের একটি কলাবাগান থেকে আটক করা হয় তাকে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে ভোরে আটক করা হয় তাকে। জব্দ করা হয় হত্যায় ব্যবহার হওয়া কোদাল। আকাশকে নেয়া হয়েছে কোতোয়ালি থানার হেফাজতে।
র্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার গাজী মো. লুৎফর রহমান জানিয়েছেন, অভিযুক্তের অবস্থান নিশ্চিত হওয়ার পর দ্রুত অভিযান চালানো হয়। বাড়ির পাশের কলাবাগান থেকে আটক করা হয় তাকে। ’তার কথাবার্তা ছিল অসংলগ্ন। তার মানসিক অবস্থা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন’- বললেন র্যাব কর্মকর্তা।
সোমবার রাত ১০টার দিকে আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে আজগর মোল্লার বাড়ির উঠানে ঘটে এই হত্যাকাণ্ড। স্থানীয়দের ভাষ্য, আকাশ কোদাল নিয়ে এলোপাতাড়ি হামলা চালালে ঘটনাস্থলেই ফুপু রাহেলা বেগম (৫০), দাদী আমেনা বেগম (৭৫) ও প্রতিবেশী কাবুল (৪৫) নিহত হন।
জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলামের প্রাথমিক ধারণা, আকাশ মানসিক ভারসাম্যহীন। তবে ঘটনার পেছনে অন্য কারণ বা পরিকল্পনা ছিল কি না, খতিয়ে দেখছেন তিনি। আকাশের মানসিক স্বাস্থ্য পরীক্ষায় নেয়া হয়েছে উদ্যোগ।



