জামালপুর
ভারতীয় মদসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

ছবি: আগামীর সময়
জামালপুরের রৌমারী সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদসহ ইসমাইল হোসেন (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় জব্দ করা হয় একটি মোটরসাইকেল।
শনিবার (২ মে) সকালে ৩৫ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তবর্তী মাদারটিলা সেতুর ওপর থেকে তাকে আটক করে। আটক ইসমাইল মাদারগঞ্জ উপজেলার চরগাবের গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, তাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বড়াইবাড়ী বিওপির বিজিবির সদস্যরা সীমান্ত পিলারের কাছে মাদারটিলা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। মদ উদ্ধারের পর মোটরসাইকেলচালক ইসমাইল হোসেনকে আটক করে বিজিবি। জব্দ ভারতীয় মদ ও আটক করা ব্যক্তিকে সোপর্দ করা হয় রৌমারী থানায়।
অন্যদিকে শুক্রবার রাতে জামালপুর-৩৫ বিজিবির পৃথক অভিযানে উদ্ধার করা হয় ২২ বোতল ভারতীয় মদ।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানালেন, ‘সীমান্তে আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। কোনো মাদক কারবারিকে ছাড় দেব না আমরা।’



