‘ডিকু বাহিনী’র প্রধান আক্তারুজ্জামান গ্রেপ্তার

‘ডিকু বাহিনী’র প্রধান আক্তারুজ্জামান ডিকু
যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খড়কি এলাকার আলোচিত ‘ডিকু বাহিনী’র প্রধান আক্তারুজ্জামান ডিকুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে শহরের কাজীপাড়া আমতলা মোড় এলাকা থেকে আটক করা হয় তাকে।
পুলিশ জানায়, ডিকুর বিরুদ্ধে আদালতে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) রযেছে। গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এটিএসআই মো. নাসির উদ্দিনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার করে তাকে। পরে তাকে আদালতের মাধ্যমে পাঠানো হয় জেলহাজতে।
ডিকু বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে খড়কি ও আশপাশ এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন। তার নেতৃত্বে গড়ে ওঠা ‘ডিকু বাহিনী’র বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, সাধারণ মানুষকে মারধর ও অস্ত্র প্রদর্শনীসহ রয়েছে নানা অভিযোগ।
থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার এড়াতে ডিকু এলাকা ছেড়ে চলে যান আত্মগোপনে।
তবে বাহিনীর প্রধান গ্রেপ্তার হলেও খড়কি এলাকায় এখনও সাধারণ মানুষের মধ্যে পুরোপুরি স্বস্তি ফেরেনি।
স্থানীয়দের অভিযোগ, ডিকুর বাহিনীর সক্রিয় সদস্যরা এখনও এলাকায় ঘোরাফেরা করছে।
নাম প্রকাশ না করার শর্তে এক ভুক্তভোগীর ভাষ্য, ডিকু ধরা পড়ায় আমরা খুশি, কিন্তু তার দলের ছেলেরা এখনও এলাকায় রেয়েছে। তারা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা আতঙ্কিত।



