ভেজাল দুধ তৈরির দায়ে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

সংগৃহীত ছবি
সাতক্ষীরা সদর উপজেলায় ভেজাল দুধ তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রতন মাঝি। তিনি উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের বাসিন্দা ও ব্রহ্মরাজপুর বাজারে মা সুইটস নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত।
এ অভিযানে ১২০ লিটার ভেজাল দুধ, ১৪ লিটার পাম তেল ও ২ কেজি খাবার সোডা জব্দ করা হয় কারখানা থেকে।
গতকাল মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সাতক্ষীরা ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে।
এ অভিযান চালানো হয় ব্রহ্মরাজপুর গ্রামে দুধ ব্যবসায়ী রতনের বাড়িতে। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিল হোসেন তামিম।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্ত, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর ও বাংলাদেশ পুলিশের একটি দল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিল জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



