বিএমডিএর নতুন চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন

কৃষিবিদ হাসান জাফির তুহিন
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন পাবনার কৃতী সন্তান ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে সচিব পদমর্যাদায় তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. গোলাম রব্বানী।
প্রজ্ঞাপনে বলা হয়, যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে পূর্ণ সচিব মর্যাদায় এক বছরের জন্য কৃষিবিদ হাসান জাফির তুহিনকে বিএমডিএর চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় বিএমডিএর কার্যক্রম বিস্তৃত। কৃষিজমিতে সেচ প্রদান, কৃষিপণ্য পরিবহন সহজ করতে গ্রামীণ সড়ক নির্মাণ ও সবুজায়নসহ নানাবিধ কাজ করে বিএমডিএ। এর প্রধান কার্যালয় রাজশাহীতে। নবনিযুক্ত চেয়ারম্যান হাসান জাফির তুহিনের বাড়ি পাবনা।
তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। নির্বাচনে তিনি প্রায় তিন হাজার ভোটে জামায়াতে ইসলামীর প্রার্থী আলী আছগারের কাছে পরাজিত হন।



