ট্রাকের ধাক্কায় খাদে এনসিপি এমপির গাড়ি, আহত চালক-সহকারী

সংগৃহীত ছবি
ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ। ঢাকা থেকে নিজ এলাকা কুড়িগ্রামে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেছে তার প্রাইভেট কার। এ সময় তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় আজ মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।
এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, ‘কুড়িগ্রাম ২ আসনের সংসদ ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ আজ সকাল ৬টা ৩০ মিনিটে ঢাকা থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।’
‘বিপরীতমুখী একটি বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। উনি বর্তমানে কিছুটা সুস্থ আছে, তবে ওনার সহকারীরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তিনি আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন’, যোগ করা হয় পোস্টে।
পুলিশ জানিয়েছে, এমপি মুজাহিদকে বহনকারী হাইব্রিড গাড়ি কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর মুজাহিদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায় এবং দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত হলেও তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে রয়েছেন।

