মুক্তিপণের জন্য নিজের ছেলেকে অপহরণ, বাবাসহ গ্রেপ্তার ২

চুয়াডাঙ্গার জীবননগরে নিজের শিশুসন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে বাবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত শিশু সিয়ামকে (৮) সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে শিশুটির বাবা এক সহযোগীকে সঙ্গে নিয়ে সিয়ামকে অপহরণ করে। পরে তাকে একটি নির্জন বাগানে নিয়ে বেঁধে গলায় ধারালো অস্ত্র ধরে শিশুর মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে শিশুটিকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়।
অভিযোগ পেয়ে জীবননগর থানা পুলিশ ও ডিবি (সিআইডি) যৌথ অভিযান চালায়। পরে রাত সাড়ে ৯টার দিকে পাকা দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে সিয়ামের বাবা আজিজুল (২৮) ও তার সহযোগী আক্তারকে (২৬) গ্রেপ্তার করা হয়। এ সময় সিয়ামকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। সেইসঙ্গে মুক্তিপণ হিসেবে বিকাশে দেওয়া ১০ হাজার ৩০০ টাকার মধ্যে ৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, সিয়ামের মা ভারতে অবস্থান করছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে শিশুটিকে অপহরণ করে তার গলায় অস্ত্র ধরে ছবি তুলে মায়ের কাছে টাকা আদায়ের চেষ্টা করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

