সেচের ট্রান্সমিটার চুরিতে ‘বাধা দেওয়ায়’ পাহারাদারকে হত্যা

গ্রাফিকস: আগামীর সময়
রংপুরের পীরগঞ্জে সেচঘর থেকে উদ্ধার করা হয়েছে এক ব্যক্তির হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ। তিনি এলাকার সেচপাম্পের ট্রান্সমিটার পাহারার দায়িত্বে ছিলেন।
নিহত মফিজার রহমানের বাড়ি উমরপুর এলাকায়। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার উমরপুর এলাকার সেচঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ব্যাপারটি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।
তিনি জানিয়েছেন, বুধবার রাতে উপজেলার উমরপুর মাঠে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সেচ ট্রান্সমিটার পাহারা দিচ্ছিলেন মফিজার। সকালে গরু নিয়ে মাঠে যাওয়ার সময় সেচঘরের দরজা খোলা দেখেন কৃষক শহিদুল ইসলাম। ভেতরে দেখেন মফিজারের মরদেহ। ট্রান্সমিটারের বক্স ভাঙা অবস্থায় পান তিনি। খবর দেওয়া হয় পুলিশে।
সেচ ট্রান্সমিটারটি চুরি হয়ে গেছে বলে জানালেন ওসি নাজমুল। তার প্রাথমিক ধারণা, ট্রান্সমিটার চুরিতে বাধা দেওয়ায় হত্যার শিকার হয়েছেন মফিজার।



