রাজবাড়ীতে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি: আগামীর সময়
রাজবাড়ীতে হেরোইনসহ রিপন মুন্সি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (১ মে) সন্ধ্যায় রাজবাড়ী সদর থানাধীন খানখানাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
সন্ধ্যায় রাজবাড়ী-গোয়ালন্দঘাট-কুষ্টিয়া মহাসড়কসংলগ্ন খানখানাপুর এলাকায় অবস্থিত বন্ধ ঘোষিত ‘মেসার্স খাজা ট্রেডার্স’-এর সামনে পাকা রাস্তার ওপর থেকে গ্রেপ্তার করা হয় রিপনকে।
রিপন রাজবাড়ী সদর থানার বানিবহ গ্রামের আবুল খায়ের ও ছালেহা বেগমের ছেলে।
তল্লাশিকালে রিপনের কাছ থেকে ৭৫ পুরিয়া হেরোইন উদ্ধার করে ডিবি পুলিশ।
এ ঘটনায় রিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করা হয়েছে।



