নির্বাচন অফিসের ২ কর্মচারীর বিরুদ্ধে সেবাপ্রার্থী নারীকে কুপ্রস্তাবের অভিযোগ

সংগৃহীত ছবি
বাগেরহাটের কচুয়া উপজেলা নির্বাচন অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে এক নারীকে অনৈতিক প্রস্তাব দেওয়া ও ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিচার চেয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী।
অভিযুক্তরা হলেন- কচুয়া উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর মো. সাইফুল ইসলাম এবং স্ক্যানিং অ্যান্ড ইকুইপমেন্ট মেইনটেইন অপারেটর আসাদুজ্জামান।
লিখিত অভিযোগে ওই নারী উল্লেখ করেন, প্রায় দুই মাস আগে ভোটার হওয়ার জন্য তিনি কচুয়া উপজেলা নির্বাচন অফিসে আবেদন করেন। আবেদনের সময় জমা দেওয়া নথি থেকে তার মোবাইল নম্বর সংগ্রহ করেন অভিযুক্ত দুই কর্মচারী। পরে বিভিন্ন কাজের অজুহাতে তারা তাকে বারবার অফিসে ডাকতে থাকেন এবং ব্যক্তিগতভাবে যোগাযোগের চেষ্টা করেন।
ভুক্তভোগীর দাবি, একপর্যায়ে কৌশলে ইমো ভিডিওকলের মাধ্যমে তার ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরে ভোটার আইডি কার্ড করে দেওয়ার বিনিময়ে তার কাছে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন সাইফুল ইসলাম ও আসাদুজ্জামান। প্রস্তাবে রাজি না হওয়ায় ধারণ করা ছবি ও ভিডিও তার স্বামী ও পরিবারের সদস্যদের কাছে পাঠিয়ে সংসার ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, বিভিন্ন ইমো নম্বর ব্যবহার করে তাকে মানসিকভাবে হয়রানি ও ব্ল্যাকমেইলের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও চাকরি থেকে অপসারণ দাবি করেছেন তিনি।
অভিযোগের বিষয়ে ডাটা এন্ট্রি অপারেটর মো. সাইফুল ইসলাম জানান, কাজের প্রয়োজনে কয়েকদিন ওই নারীর সঙ্গে কথা হয়েছে। তার ভাষ্য, ওই নারীও তাকে ফোন করেছিলেন। পরে তিনি নারীকে বলেছেন, ‘তোমার তো স্বামী-সন্তান আছে, আমাকে ফোন কর কেন।’
কাজের প্রয়োজনে যোগাযোগ হলে ইমোতে কথা বলার প্রয়োজন কেন— এমন প্রশ্নের জবাবে সাইফুল ইসলাম মন্তব্য করেন, ‘এটা যদি ভুল হয়ে থাকে, তাহলে আমি ভুল করেছি। তবে আমি তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করিনি।’
অপর অভিযুক্ত আসাদুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহরিয়ার আলম জানিয়েছেন, বিষয়টি তিনি শুনেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। তবে ভুক্তভোগী নারী তার কাছে লিখিত অভিযোগ দেননি। তারপরও বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী হাসান জানিয়েছেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



