রাবি ছাত্রদল নেতার হুমকি
শিক্ষকের মতো থাকেন, না হলে কান বরাবর পড়বে

ছাত্রদল নেতা শরিফুল ইসলাম। সংগৃহীত ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষককে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে ক্যাম্পাসজুড়ে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, শিক্ষার্থীদের উদ্দেশে ফেসবুকে একটি পরামর্শমূলক পোস্ট দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক। সেই পোস্টের মন্তব্যে ‘শিক্ষক, শিক্ষকের মতো থাকেন, না হলে কান বরাবর পড়বে’—এমন হুমকি দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি শরিফুল ইসলাম।
গতকাল শুক্রবার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে। অভিযুক্ত শরিফুল ইসলাম নৃবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং তার বাড়ি বগুড়ায়।
এ ঘটনায় রাকসুর বিতর্ক ও সাহিত্যবিষয়ক সম্পাদক ইমরান লস্কর বলেছেন, ‘কনক স্যার অন্যায়-জুলুমের বিরুদ্ধে সবসময় সোচ্চার। এমন একজন শিক্ষককে প্রকাশ্যে হুমকি দেওয়া অত্যন্ত দুঃখজনক।’
এ বিষয়ে ড. আমিরুল ইসলাম কনক বলেছেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে পোস্টটি করেছিলাম। আমি চাই সারা দেশে একটি স্থিতিশীল পরিবেশ থাকুক। কিন্তু অনেকে অপ্রয়োজনীয় দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে—এই কষ্ট থেকেই পোস্টটি দিয়েছিলাম।’
হুমকির বিষয়ে তিনি বলছিলেন, মন্তব্যটি অশোভন মনে হয়েছে আমার। আমি তাকে ভাষা সংযত করতে বলেছি। বিষয়টি সিনিয়র শিক্ষকদেরও জানাব।’ অবশ্য পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ফেসবুক পোস্টে মন্তব্য করার অপশন বন্ধ করে দেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত শরিফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।



