ফেসবুকে পোস্ট দিয়ে শিবির নেতার পদত্যাগ

সংগৃহীত ছবি
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সংগঠন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ছাত্রশিবিরের এক নেতা। পদত্যাগকারী মো. ইব্রাহিম পটুয়াখালীর মহিপুর থানা শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ছিলেন।
আজ শনিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জানান, ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে তিনি সংগঠনের সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি নিচ্ছেন। সাম্প্রতিক পরিস্থিতি ও নিজস্ব উপলব্ধির আলোকে এই সিদ্ধান্ত।
ওই পোস্টে ইব্রাহিম লিখেছেন, সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে কোনো নির্দিষ্ট সংগঠনের সীমাবদ্ধতা প্রয়োজন হয় না; সচেতন নাগরিক হিসেবেও দায়িত্ব পালন করা সম্ভব।
রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তিনি স্পষ্ট করে জানান, আপাতত অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা তার নেই। বরং এখন তিনি নিজের পেশা, পরিবার ও ব্যক্তিগত জীবনকে গুরুত্ব দিতে চান।
এ বিষয়ে তিনি আগামীর সময়কে জানান, সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করেই এবং দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এটি আমার ব্যক্তিগত বিষয়।
মহিপুর থানা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল জোবায়েরের (সিফাত মুসুল্লি) ভাষ্য, ‘পারিবারিক ব্যস্ততার কারণে সংগঠনের কাজে পর্যাপ্ত সময় দিতে পারছিলেন না ইব্রাহিম। আলোচনার মাধ্যমেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।’
পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি কে এম তামিম হোসাইন জানান, সংগঠনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা ইব্রাহিমের সিদ্ধান্তকে তারা সম্মান করেন। তার জন্য শুভকামনাও জানিয়েছেন তিনি।



