যৌতুকের জন্য নির্যাতনে মামলা, স্বামী গ্রেপ্তার

ছবি: আগামীর সময়
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আসামি দ্বীন ইসলামকে। তথ্যপ্রযুক্তির সহায়তায় নরসিংদী থেকে তাকে গ্রেপ্তার করে আখাউড়া থানা পুলিশ।
বুধবার (৬ মে) রাত সাড়ে ১২টার দিকে নরসিংদী সদর মডেল থানার খালপাড় এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় দ্বীন ইসলামকে। তিনি আখাউড়ার রামধননগর গ্রামের ইসহাক মিয়ার ছেলে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম নিশ্চিত করেছেন এ খবর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাদী ও আসামি থাকেন আখাউড়ার রামধননগর গ্রামে। মঙ্গলবার (৫ মে) যৌতুক না পাওয়ায় স্ত্রীকে মারধরের পর তার চুল কেটে দেন আসামি। এতে জড়িত ছিলেন আসামির পরিবারের লোকজনও।
এই অভিযোগে সেদিনই ওই নারী আখাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। স্বামীর পাশাপাশি আসামি করেন শ্বশুরবাড়ির কয়েকজনকে। তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্বীন ইসলামের অবস্থান শনাক্ত করে পুলিশ। অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে।
ওসি বলেছেন, ‘যৌতুকের দাবিতে নির্যাতনের মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’



