হবিগঞ্জে অকটেনের দাম বেশি নেওয়ায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: আগামীর সময়
হবিগঞ্জে অকটেনের লিটারে ৫০ টাকা বেশি আদায়, সয়াবিন তেলে ওজনে কম দেওয়া, ভেজাল শিশুখাদ্য বিক্রি ও ফলের মূল্যতালিকা না থাকায় চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল মঙ্গলবার বিকেলে জেলা সদরের উমেদনগর ও লাখাই উপজেলার বুল্লা বাজারে অভিযান চালিয়ে অধিদপ্তরের হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ এই জরিমানা আদায় করেন।
উমেদনগরে নির্ধারিত ১৪০ টাকার বদলে ১৯০ টাকা লিটারে অকটেন বিক্রির অভিযোগে শেখ মো. শাহাদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুল্লা বাজারে এক লিটার সয়াবিন তেলে ১০০ গ্রাম কম দেওয়ায় শফিক স্টোর এবং ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে রুবেল স্টোরকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া মূল্যতালিকা না থাকায় ভাই ভাই ফল ভান্ডারকেও জরিমানা করা হয়েছে।
শ্যামল পুরকায়স্থ জানান, অভিযানে অকটেন বিক্রেতা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দূরে রেখে ভোক্তা অধিদপ্তরের প্রতিনিধিকে বেশি দামে পণ্য বিক্রি করছিলেন। একইভাবে অন্যান্য দোকানেও অনিয়ম হাতেনাতে ধরা পড়লে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়। অভিযানে র্যাব সদস্যরা সহযোগিতা করেন।



