কোম্পানীগঞ্জে অস্ত্র ও মাদকসহ আটক ৬

সংগৃহীত ছবি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম।
রবিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের বাদামতলি বাজারসংলগ্ন এলাকার বাসিন্দা আলমগীরের বাড়ি ও পৃথক জায়গায় অভিযান চালিয়ে আটক করা হয় তাদের।
আটক ব্যক্তিরা হলেন— উপজেলার চরএলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুস শহীদ স্বপন (৫০), একই ওয়ার্ডের মৃত আবু তাহেরের ছেলে ওসমান গনি ওরফে সেলিম (৪৫), চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলমগীর হোসেন ওরফে সানাউল্লাহ (৪৫) ও বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের মনপুরা গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে মো. আজাদ হোসেন স্বপন (৪০)। অন্য দুজনের নাম-ঠিকানা জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরএলাহী ইউনিয়নের বাদামতলি বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ১৬৭টি ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া পৃথক অভিযানে আরও ২০টি ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
পুলিশ বলছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। আটক স্বপন চরবালুয়ার শাহীন বাহিনীর সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে এলাকায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগ রয়েছে। তিনি চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন তোতা হত্যা মামলার ৮ নম্বর আসামি।
ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



