ইউপি চেয়ারম্যানের বাড়িতে ৬ ব্যারেল ডিজেল

ছবিঃ আগামীর সময়
‘কৃষিকাজের জন্য’ বিপুল ডিজেল জমিয়ে জরিমানা গুনলেন সাতক্ষীরার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান। তার ভাণ্ডার থেকে জব্দ হয়েছে ডিজেলের ২২টি ব্যারেল, বেশিরভাগই ছিল খালি।
গোপন তথ্যে আজ দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে অভিযান চালায় যৌথ বাহিনী। ইউপির চেয়ারম্যান মো. ফেরদাউস মোড়লের বাড়ি ও ব্যক্তিগত গোডাউন থেকে জব্দ করা হয় এসব ব্যারেল। এর মধ্যে ছয়টিতে মিলেছে ১২শ লিটার ডিজেল। অন্যগুলো খালি।
জেলার সহকারী কমিশনার (ভূমি) ইস্তিয়াক আহমেদ অপু পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে চেয়ারম্যানকে করা হয় ১০ হাজার টাকা জরিমানা। সেনাবাহিনীর তত্ত্বাবধানে অভিযানে ছিল র্যাবের একটি দল।
‘এভাবে তেল মজুদ করা ঠিক হয়নি’- স্বীকার করলেন ফেরদাউস মোড়ল।
‘ব্যক্তিগত স্কেভেটর (ভেকু) মেশিন, ট্রাক্টরসহ কৃষিকাজের বিভিন্ন যন্ত্র চালানোর জন্যই তেল সংরক্ষণ করেছিলাম। আমার মেশিনগুলো চালাতে প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৪০০ লিটার জ্বালানি প্রয়োজন হয়। আমি কোনো তেল ব্যবসায়ী নই।’
কৃত্রিম সংকট সৃষ্টি করে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার যারাই অস্থিতিশীল করবেন, তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা- সতর্ক করলেন সহকারী কমিশনার (ভূমি) ইস্তিয়াক। জেলাজুড়ে এ ধরনের চিরুনি অভিযান ধারাবাহিকভাবে চলবে- জানালেন তিনি।



