ঈশ্বরদীতে ব্যায়াম করতে গিয়ে রাশিয়ান নাগরিকের মৃত্যু

গ্রীন সিটি আবাসিক প্রকল্প
পাবনার ঈশ্বরদীতে ব্যায়াম করার সময় মৃত্যু হয়েছে ডুরপিন (২৫) নামে এক রুশ নাগরিকের। এ ঘটনা ঘটে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটির একটি ব্যায়ামাগারে।
নিহত ডুরপিন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের একটি কোম্পানিতে কাজ করতেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যায়ও ওই ব্যায়ামাগারে স্বাভাবিকভাবেই ব্যায়াম করছিলেন ডুরপিন। হঠাৎ করেই বুকে অস্বস্তির কথা জানান তিনি। কিছুক্ষণের মধ্যেই মেঝেতে পড়ে অচেতন হয়ে যান।
সেখানে উপস্থিত অন্যান্যরা দ্রুত তার সহায়তায় এগিয়ে আসেন এবং প্রাথমিকভাবে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, নিহতের লাশ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আজ শনিবার পাবনা জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



